ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী নূর নবী পাঠানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছে।গত ৪ জুন অনুষ্ঠিত কালিন্দী ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল হক (কাপ-পিরিচ) গত বুধবার ওই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর কারচুপির অভিযোগ করেন।সামসুল হক গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নূর নবী পাঠান আমার বিজয়ী ফলাফলকে পরিবর্তন করে ফজলুল হককে (গরুর গাড়ি) বিজয়ী ঘোষণা করেন। এটা বেআইনি ও পক্ষপাতদুষ্ট।’ তিনি চড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকা চড়াইল ১ ও ২ নম্বর কেন্দ্রে কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।রিটার্নিং কর্মকর্তা নূর নবী পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জানামতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তারা আমাকে যে ফলাফল দিয়েছেন, আমি তা-ই ঘোষণা করেছি। এখানে কারচুপির কিছু নেই।’