কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুয়েল রানা ওরফে পল্টি জুয়েল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় পারগেন্ডারিয়া অফিস মাঠে এ ঘটনা ঘটে।র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হারুন-উর-রশিদের ভাষ্যমতে, জুয়েল রানা তাঁর চার-পাঁচজন সহযোগী নিয়ে পারগেন্ডারিয়া অফিস মাঠে বৈঠক করছেন—এমন তথ্য পেয়ে র্যাবের সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলেন। এ সময় জুয়েল ও তাঁর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে জুয়েলের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করে।পারগেন্ডারিয়া অফিস মাঠ এলাকার বাসিন্দা রাজু (২২) জানান, সন্ধ্যার সময় তিনি কয়েকটি গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জুয়েল গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পল্টি জুয়েল চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।