কেরানীগঞ্জে র্যাবের গুলিতে আহত ২
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মুন্থড়াপট্টি এলাকায় গত শুক্রবার রাতে র্যাবের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে। পরে র্যাব তিনজনকে তিনটি ছোরাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. হিরো (২৪), মো. হাসান (২০) ও আনোয়ার হোসেন (২২)। তাঁদের মধ্যে হিরোর বাম পায়ে ও হাসানের ডান পায়ে গুলি লাগে। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি ছিনতাইকারী। তবে গ্রেপ্তার হওয়া আনোয়ারের দাবি, ‘তাঁরা সাধারণ মানুষ। র্যাব কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করেছে।’ র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার গাজী গোলাম মোর্শেদের ভাষ্যমতে, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে র্যাবের একটি দল মুন্থড়াপট্টি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় চার পাঁচজনের একটি দল র্যাব সদস্যদের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। র্যাব সদস্যরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে তারা পালানোর সময় গুলি ছোড়ে। এ সময় র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হিরো ও হাসানের পায়ে গুলি লাগে। একপর্যায়ে তিনজনকে তিনটি ছোরাসহ গ্রেপ্তার করে র্যাব।’ গতকাল শনিবার গ্রেপ্তারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব সদস্যদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা ও গুলিবিনিময়ের পর ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা করেন র্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. নিজামউদ্দিন।গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির মধ্যে দুজনের পায়ে ব্যান্ডেজ দেখা যায়। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘রাতে মুন্থড়াপট্টি দিয়ে হেঁটে আসার সময় র্যাবের সদস্যরা কোনো কারণ ছাড়াই আমাদের ধরে নিয়ে এসেছেন।’ পায়ে ব্যান্ডেজ থাকার কারণ জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বলেন, ‘র্যাবের সদস্যরা তিনজনকে থানায় সোপর্দ করে দুটি মামলা করেছে। এর বাইরে কিছু জানি না।’