কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় গত শনিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগের আবদুস সাত্তার (২৫) ও মিরপুর ১১ নম্বর সেকশনের আমজাদ হোসেন ওরফে কানা পাপ্পু (২৭)। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি করে বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিন, ছুরি ও চাপাতি এবং ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত চারটি মামলা রয়েছে। র্যাব-১০-এর ভাষ্যমতে, শনিবার রাত দেড়টার দিকে তাদের কাছে সংবাদ আসে, মীরেরবাগের শীর্ষস্থানীয় সন্ত্রাসী ওমর ফারুক ওরফে কচি ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাবের একটি দল ওই এলাকায় প্রবেশ করলে ওমর ফারুক ও জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে র্যাবের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় সন্ত্রাসী দুই গ্রুপ র্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০-২৫ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব ওই এলাকায় আমজাদ ও সাত্তারের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। উদ্ধার করা হয় একটি করে বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিন, ছুরি ও চাপাতি এবং ১৩টি গুলি। ময়নাতদন্তের জন্য গতকাল সকালে আমজাদ ও সাত্তারের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় র্যাব-১০-এর উপসহকারী পরিচালক কামরুল হাসান দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন।র্যাব কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে মীরেরবাগ এলাকায় র্যাব সদস্যরা পৌঁছলে টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের ওপর গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে ত্রিমুখী গোলাগুলিতে আমজাদ ও সাত্তার মারা যান। এদিকে আমজাদ ও সাত্তারের নিহত হওয়ার সংবাদে মীরেরবাগ, খেজুরবাগ ও পাড় গেন্ডারিয়া এলাকায় গতকাল রোববার এলাকাবাসী আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মীরেরবাগ এলাকার একজন সিমেন্ট ব্যবসায়ী প্রথম আলোকে জানান, পুরান ঢাকার সন্ত্রাসী জাহাঙ্গীরের সহযোগী আমজাদ ও সাত্তারসহ কয়েকজন তাঁর দোকানে এসে কয়েক দফা চাঁদা দাবি করেন। শনিবার সকালেও তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা চান, নইলে মেরে ফেলার হুমকি দেন। নিহত আমজাদের মা শাহীনা বেগম জানান, তাঁরা আগে মীরেরবাগ থাকতেন। তাঁর ছেলে মিরপুর ১১ নম্বর সেকশনে ফোন-ফ্যাক্সের ব্যবসা শুরু করার পর তাঁরা সেখানে চলে যান। তাঁর দাবি, আমজাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সাত্তারের বোন তারা বানু দাবি করেন, তাঁর ভাই মীরেরবাগ এলাকায় লোহার ব্যবসা করতেন। জাহাঙ্গীরের সঙ্গে সাত্তারের কোনো সম্পর্ক ছিল না।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে জানান, নিহত আমজাদ ও সাত্তার থানার তালিকাভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত চারটি মামলা রয়েছে।