কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে র‌্যাব-১০এর সদস্যদের সঙ্গে তাদের এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত ব্যক্তিরা হলেন মো. সবুজ (৩০) ও মতিন ওরফে মাসুদ (৩২)। তাঁদের পাঁজরে গুলির চিহ্ন দেখা গেছে।

র‌্যাব-১০এর কেরানীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনের সড়কে তাঁদের একটি দল দায়িত্ব পালন করছিল। রাত একটার দিকে তাদের সামনে দিয়ে একটি ব্যক্তিগত সাদা গাড়ি যাচ্ছিল। সংকেত দেওয়ার পরও না থামলে গাড়িটির পিছু নেয় র‌্যাব। এ সময় ওই গাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গাড়িটির ভেতর দুজনের লাশ পাওয়া যায়।

মেজর মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, নিহত ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী ছিলেন। ছিনতাই করা গাড়ি নিয়ে তাঁরা কদমতলীর দিকে যাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে একটি রিভলভার, দুটি গুলি, কার্তুজের চারটি খোসা, একটি ছুরি, একটি চাপাতি, চারটি মুঠোফোন সেট ও একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।