কেরানীগঞ্জে লছমনগঞ্জ ঘাট এলাকার বেড়িবাঁধে ধস
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা লছমনগঞ্জ ঘাট এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা তীররক্ষা বেড়িবাঁধের কিছু অংশ ধসে গেছে। ফলে জিনজিরা বাজার সড়কটি হুমকির মুখে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার স্রোতের তোড়ে লছমনগঞ্জ ঘাট এলাকায় বেড়িবাঁধের কিছু অংশে ফাটলের সৃষ্টি হয়। পরে তা ধসে যায়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে জিনজিরা বাজার সড়কটি ভেঙে যাওয়ার হুমকির মুখে পড়েছে।গোলজারবাগ এলাকার বাসিন্দা কায়সার আলম জানান, জিনজিরা লছমনগঞ্জ ঘাট থেকে মান্দাইল এলাকা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। লছমনগঞ্জের জিনজিরা বাজার সড়কের বেড়িবাঁধের ধসে যাওয়া অংশটি শিগগিরই সংস্কার না করা হলে সড়কটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন জানান, বুধবার ধসে গেলেও তা মেরামত করতে কেউ এগিয়ে আসেনি।জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম জানান, ধসে যাওয়া অংশ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজনকে একাধিক বার জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।যোগাযোগ করা হলে পাউবো ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আ. মান্নান বলেন, ‘বেড়িবাঁধ ধসের বিষটি শুনেছি। কিন্তু বাজেট না থাকায় এটি আপাতত মেরামত করা যাচ্ছে না। তবে বাজেট পাস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে কাজ করা হবে।’