কেরানীগঞ্জে শতাধিক দোকান পুড়ে গেছে
ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জে করিম মার্কেটে গতকাল মঙ্গলবার দুপুরে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। কেরানীগঞ্জ, পোস্তগোলা ও সদরঘাট—তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রেজাউল করিমও রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও দোকানমালিকেরা জানান, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল জায়গাজুড়ে করিম মার্কেটে গতকাল দুপুর দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে যায়। এ সময় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জেলা দক্ষিণের উপসহকারী পরিচালক আ. হালিম বলেন, তাঁদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যায়নি। ব্যবসায়ীরা জানান, একতলা হলেও করিম মার্কেটের বিস্তৃতি বিশাল। এতে শতাধিক দোকান রয়েছে। এর মধ্যে তৈরি পোশাকের প্রতিষ্ঠানই বেশি। এ ছাড় মুদি দোকান, সুতার দোকান, আসবাবের দোকান, ওষুধের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। মার্কেটের ব্যবসায়ী কিংস ফ্যাশনের মালিক আ. জব্বার বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি দোকানে স্বাভাবিকের চেয়ে বেশি মালামাল মজুদ ছিল। পুড়ে যাওয়া দোকানের মধ্যে বেশির ভাগই ছিল তৈরি পোশাকের। তাই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।