ঢাকা জেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার বেসরকারি ফলাফলে ১২ নম্বর ওয়ার্ড (কেরানীগঞ্জ মডেল থানা) থেকে সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন। এ ছাড়া সংরক্ষিত আসনে সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শিলারা ইসলাম।
সোহরাব পেয়েছেন ৬৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী পেয়েছেন ২৪ ভোট। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ভোট গ্রহণ হয়। এ কেন্দ্রে ৯৩ ভোটের মধ্যে ৯২টি ভোট পড়েছে। ১টি ভোট বাতিল হয়েছে।
সংরক্ষিত ওয়ার্ডে (সাভার, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা) সদস্য পদে শিলারা পেয়েছেন ১৭৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শামীমা বাশার পান ৬৬ ভোট। ১১ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ কেরানীগঞ্জ থানা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. ফিরোজ আলম।