কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ১০ ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকায় একটি পঞ্চায়েত কমিটির কার্যালয়ে গত রোববার রাতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। একই সঙ্গে সন্ত্রাসীরা তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়।

হামলায় আহত জাকির হোসেন অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী খোকন ও তার সহযোগীরা মুসলিমনগর এলাকায় কয়েকটি বাড়িতে চাঁদা দাবি করলে পঞ্চায়েত কমিটির লোকজন এর প্রতিবাদ করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে এবং কমিটির তিনজন সদস্যসহ কমপক্ষে ১০ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পাশাপাশি সন্ত্রাসীরা কমিটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

পঞ্চায়েত কমিটির সভাপতি মো. রাজু আহমেদ অভিযোগ করেন, কার্যালয় থেকে সন্ত্রাসীরা টেলিভিশন ও অন্যান্য আসবাব লুট করে নিয়ে গেছে।

গার্মেন্টস ব্যবসায়ী মো. মাসুম জানান, ‘সন্ত্রাসী খোকন আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে। রোববার রাতে সন্ত্রাসীরা নোয়াব আলী, মোতালেব ও আমীর সিরাজের বাসায় হামলা চালায়।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘হামলা-ভাঙচুরের কথা শুনেছি। তবে অভিযোগ পাইনি।’