কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব কাল শুরু
ঢাকার কেরানীগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ‘সংস্কৃতি হোক শুদ্ধতার, ঘুচাও সকল অন্ধকার’ স্লোগান নিয়ে তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উৎসব আয়োজন করেছে তারানগর ইউনিয়ন পরিষদ।
উৎসবের সমন্বয়কারী শিল্পী সাজেদ ফাতেমী বলেন, উৎসব উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ওয়াহিদুল হক, শিল্পী ইমদাদ হোসেন এবং জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। এই তিন ব্যক্তিত্বকে নিয়ে তিন দিন সংক্ষিপ্ত আলোচনা করবেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা।
আয়োজক সূত্র জানায়, প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকছে চন্দনা মজুমদার, ফকির শাহাবুদ্দিন, পথিক নবী, লুমিন, ঐশীসহ দেশের বিশিষ্ট শিল্পীদের গান, কল্যাণ পরম্পরা ও ব্রতচারী পরিবেশনা এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘বাজাও পাঞ্চজন্য’। থাকছে জলের গান, লোকগানের দল ‘নকশীকাঁথা’ ও তরুণ ব্যান্ডের বিশেষ পরিবেশনা।