কেরানীগঞ্জের চুনকুটিয়া-কদমতলী-বাবুবাজার এলাকায় চলাচলকারী সিএনজি অটোরিকশার চালকেরা তাঁদের কাছ থেকে বেপরোয়া হারে চাঁদা আদায়ের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের অংশ হিসেবে দেড় শতাধিক চালক গতকাল সকাল থেকে অটোরিকশা চালানো বন্ধ রেখেছেন।চালকেরা অভিযোগ করেন, গাড়ির জমা (দৈনিক ভাড়া) ৭০০ টাকা ছাড়াও প্রতিদিন মালিক সমিতির নামে তাঁদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হয়। এ ছাড়াও চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডের নামে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন গাড়িপ্রতি দৈনিক ২০ টাকা আদায় করেন। এর প্রতিবাদে তাঁরা গাড়ি চালানো বন্ধ রাখেন। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কদমতলী স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক আ. সোবহান জানান, জমার টাকা দেওয়ার পর তাঁদের সংসার চালানোর টাকা থাকে না। এ অবস্থায় চাঁদা হিসাবে চালকদের অতিরিক্ত ৮০ টাকা গুনতে হয়।তবে কেরানীগঞ্জ অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. ইস্রাফিল সিএনজি অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কথা অস্বীকার করেছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন বলেন, ‘কেরানীগঞ্জে সিএনজি স্ট্যান্ড ছিল না। আমরা এখানে স্ট্যান্ড করেছি। স্ট্যান্ডের খরচ হিসাবে ২০ টাকা নিই।’কেরানীগঞ্জ জোনের ট্রাফিক সার্জেন্ট মো. রুহুল মল্লিক জানান, চালক ও মালিকদের দ্বন্দ্বে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।