কেরানীগঞ্জে স্কুলছাত্র সোহেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় মমতাজ মার্কেটের দখল নিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্কুলছাত্র সোহেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার শিক্ষকেরা।সোহেলের আত্মার মাগফিরাত কামনায় গতকাল শনিবার সকালে কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোহেল ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দে বলেন, ‘নিষ্পাপ শিশু সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় আমরা প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’এদিকে সোহেল নিহত হওয়ার দুই দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’কিন্তু মমতাজ মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী মো. কাজী মজিবর অভিযোগ করেছেন, আসামিরা তাদের হুমকি দিচ্ছে। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না, এটা হতে পারে না।গতকাল দুপুরে মমতাজ মার্কেটে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। মার্কেটের বেশির ভাগ দোকান বন্ধ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মার্কেট সমিতির সহসাধারণ সম্পাদক মো. মাসুদ বলেন, মার্কেটে হামলা, ভাঙচুর ও গুলি করে এক শিশুকে হত্যার দুই দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আবারও সন্ত্রাসীরা হামলা করতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।এদিকে নিহত সোহেলের কুলখানি ছিল গতকাল। পূর্ব আগানগরে সোহেলদের ভাড়া বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবার-পরিজনেরা ওর ছবি নিয়ে কান্নাকাটি করছে। সোহেলের মা অফুজা বেগম অভিযোগ করেন, ‘পুলিশ কোনো আসামিকে ধরছে না। তবে কি আমার ছেলে হত্যার বিচার পাব না।’