কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের বন্দ নজরগঞ্জ এলাকায় গতকাল সোমবার বাসায় ঢুকে লামিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসা থেকে পাঁচ লাখ টাকার মালামাল লুট হওয়ার কথা জানিয়েছে লামিয়ার পরিবার। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাঁরা কোনো ধারণা করতে পারছেন না।লামিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, লামিয়া কালিন্দী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বাবা নান্টু সরকার চলচ্চিত্রের ফটোগ্রাফার হিসেবে কাজ করেন। এক বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে বন্দ নজরগঞ্জ এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলার ভাড়া ফ্ল্যাটে নানি ও মামার সঙ্গে থেকে লেখাপড়া করত।গতকাল সকাল নয়টার দিকে লামিয়ার নানি ও মামা কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। স্কুল বন্ধ থাকায় লামিয়া এ সময় বাসায় ছিল। দুপুরে লামিয়ার মামা সজীব বাসায় ফিরে ঘরে লামিয়ার জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠায়।সজীব জানান, বেলা আড়াইটার দিকে তিনি বাসায় ফেরেন। এ সময় ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর লামিয়ার জবাই করা লাশ দেখতে পান।লামিয়ার নানি আয়শা খাতুন জানান, আলমারিতে রাখা আড়াই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাঁরা কোনো ধারণা করতে পারছেন না।কেরানীগঞ্জ মডেল থানার সার্কেল এএসপি মো. ফারুক হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ মুহূর্তে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।