কেরানীগঞ্জে স্কুল-কলেজের জমি উদ্ধারের দাবি
অবৈধ দখলদারদের কাছ থেকে কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ ও ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে কয়েক শ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মানববন্ধন করেছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
এ ছাড়া এ সময় ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিউল আযম খান, কেরানীগঞ্জ মডেল থানার যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, লায়ন ইউসুফ আলী, এম এ মাসুদ ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলো বলেন, এলাকার ভূমিদস্যু শফিউদ্দিন, কফিলউদ্দিন, ইদ্রিস আলী, আ. হক ও আরিফের লোকজন শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা জোরপূর্বক ভোগদখল করছে। ভূমিদস্যুদের হাত থেকে গত সপ্তাহে জমি উদ্ধার করতে গেলে তারা উল্টো ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করে।
ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিউল আযম খান বলেন, ১৯৮৬ সালে গণি ব্যাপারী ৯ শতাংশ জমি বিদ্যালয়ের নামে লিখে দেন। বোর্ডিং মার্কেট এলাকায় বিদ্যালয়ের নামে দুই দাগে ২১ শতাংশ জমি রয়েছে। এসব জমি ভূমিদস্যুরা জোরপূর্বক ভোগ দখল করছে।
জানতে চাইলে রামেরকান্দা বোর্ডিং এলাকার বাসিন্দা আব্দুল গণি ব্যাপারীর ছেলে মো. শফিউদ্দিন (৭৮) বলেন, ‘এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইস্পাহািন উচ্চবিদ্যালয় ও ইস্পাহানি ডিগ্রি কলেজের জায়গা দাবি করে আমাদের জমি দখল করার পাঁয়তারা করছে। আমরা কারও সম্পত্তি দখল করিনি।’