কেরানীগঞ্জে স্বল্প সময়ে মিলবে জমির খতিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বাসিন্দাদের দোরগোড়ায় সরকারি সেবা ও ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে জমির খতিয়ান পাওয়ার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
এ উপলক্ষে উপজেলার আগানগর এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অবহিতকরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আল-মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেবেকা সুলতানা, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ প্রমুখ।
হেলালুদ্দীন আহমদ বলেন, ৭৭টি উপজেলা, ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণ খতিয়ান বা পর্চা পাওয়ার জন্য মাত্র ১২০ টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন এবং সাত দিনের মধ্যে বাড়িতে রেজিস্টার্ড ডাকযোগে খতিয়ান পেয়ে যাবেন। এতে করে জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার যাওয়া-আসা করা লাগবে না। সেবাপ্রার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হবে। মানুষের হয়রানিও কমে যাবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ অনলাইনে আবেদন করা চারজন সেবা গ্রহীতার হাতে তাঁদের জমির খতিয়ান তুলে দেন।
এর আগে হেলালুদ্দীন আহমদ কেরানীগঞ্জ উপজেলা পরিষদে ‘পেপারলেস কেরানীগঞ্জ ইউএনও অফিস, নলেজ ডেস্ক এবং ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’-এর উদ্বোধন করেন। পরে তিনি শাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চার শতাধিক শিক্ষার্থীর হাতে হাইজিন কিটস তুলে দেন বিভাগীয় কমিশনার।
বেলা একটার দিকে বিভাগীয় কমিশনার কেরানীগঞ্জের লাখিরচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। বৃত্তি দেন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের।