কেরানীগঞ্জে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু!
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে গতকাল শুক্রবার স্বামীর ঘুষির আঘাতে পারভিন আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আলামিন ওরফে জাচ্চু বেপারীকে (৩৫) গ্রেপ্তার করেছে।এজাহারের বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আকরাম হোসেন বলেন, মুদি দোকানের বাকি নিয়ে ঝগড়ার একপর্যায়ে আলামিন তাঁর স্ত্রী পারভিন আক্তারকে কিল-ঘুষি মারেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। প্রতিবেশীরা পারভিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের ছোট বোন নুরুন্নাহার বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আলামিন প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনায় পারভিনের ভাই শাহজাহান একটি হত্যা মামলা করেছেন।