কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক রবি হোসেনকে (৪১) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার অমৃতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে কমল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবি হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার রাওতী এলাকায়। তিনি কেরানীগঞ্জে রিকশার গ্যারেজ ও বালুর ব্যবসা করতেন। পুলিশ জানায়, রাত একটার দিকে রবি তাঁর রিকশা গ্যারেজ থেকে বাসায় ফিরছিলেন। অমৃতপুরের সানরাইজ কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে কুপিয়ে ও জবাই করে ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী গুলশান আরা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন।নিহত ব্যক্তির ছেলে আবির হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁর বাবার দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডে তাঁরা জড়িত থাকতে পারেন বলে তিনি মনে করছেন। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কমল নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বিকেল চারটায় আগানগর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।মডেল থানার সার্কেল এএসপি ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি চাকুসহ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ঘাতকদের ইতিমধ্যে শনাক্ত করা গেছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত কমলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।