দক্ষিণ কেরানীগঞ্জে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষিকা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। ওই শিক্ষিকার নাম জোবায়দা আক্তার (৩৫)। তিনি স্থানীয় বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ছিলেন। এ ঘটনার প্রতিবাদে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের আবদুল্লাপুর এলাকার বাসস্ট্যান্ডে অবরোধ করে। বিক্ষোভকারীরা এ সময় ১৪-১৫টি গাড়িও ভাঙচুর করে। ওই সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে শিক্ষিকা জোবায়দা আক্তার ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ থেকে ক্লাস শেষে আবদুল্লাপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। ঢাকার নয়াবাজার বাসস্ট্যান্ড থেকে তিনি একটি হিউম্যান হলারযোগে (ঢাকা-মেট্রো-ছ-১১-১৩৬৭) মহাসড়কের রাজহালট এলাকায় পৌঁছালে তাঁদের হলারটিকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এ সময় হিউম্যান হলারটি পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে জোবায়দাসহ চার-পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। এর মধ্যে জোবায়দাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জোবাদাকে মৃত ঘোষণা করেন।জোবায়দার মৃত্যুর খবর কলেজে পৌঁছালে গতকাল সকাল ১০টার দিকে কয়েক শ ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ শেষে বিক্ষোভ করতে থাকে। ওই সময় তারা ১৪-১৫টি যানবাহন ভাঙচুর করে। বেলা তিনটা পর্যন্ত বিক্ষোভ চলাকালে সড়কের উভয় পাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় আবদুল্লাপুর বাজার এলাকার ১০-১২টি বিপণিবিতানের তিন শতাধিক দোকানপাটও বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।কলেজের প্রভাষক মো. মাহবুব আলম বলেন, জোবায়দার মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সকালে তাদের ক্লাস বর্জন করে। তিনি আরও বলেন, ১ মার্চ কলেজের দুই ছাত্রীকে উপজেলার ভাওয়ারভিটি এলাকার বখাটে আলমগীর, জাহাঙ্গীরসহ পাঁচ-ছয় সন্ত্রাসী অপহরণের চেষ্টা করে। ওই ঘটনার প্রতিবাদেও দুই ঘণ্টা কর্মসূচি পালন করে তারা। একাদশ শ্রেণীর এক ছাত্রীর অভিযোগ, ওই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ বখাটেদের গ্রেপ্তার করছে না।কলেজের প্রধান শিক্ষক আবুল কাশেম মৃধা বলেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু দুর্ঘটনা রোধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ বখাটেদেরও ধরতে পারছে না। এ দুটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হচ্ছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে বলেন, পুলিশ বখাটেদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়া এক বখাটের ভাই ফালুকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।