কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের নেকরোজবাগ সেতুসংলগ্ন ঢাকা-নবাবগঞ্জ সড়কে গতকাল রোববার একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া গ্রামের বারেক হাওলাদার (৫০) ও তাঁর মেয়ে মমতাজ (২০)। মমতাজ তাঁর স্বামী মনির হোসেনকে নিয়ে কেরানীগঞ্জের চর রুহিতপুরে থাকতেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল নয়টার দিকে কদমতলী থেকে সিএনজিচালিত অটোরিকশায় (ঢাকা মেট্রো-থ ১৪-০৯১৫) করে চর রুহিতপুরে যাচ্ছিলেন পাঁচ যাত্রী। অটোরিকশাটি নেকরোজবাগ এলাকায় এলে নবাবগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানগামীএকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী বারেক ও তাঁর মেয়ের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার দুই যাত্রী ও চালক। আহত ব্যক্তিদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান লোকজন। চালক বাস রেখে পালালে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।নিহত মমতাজের স্বামী মনির হোসেন জানান, তাঁর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। মমতাজ সেখানে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে মমতাজকে নিয়ে চর রুহিতপুরের বাসায় আসছিলেন তাঁর শ্বশুর বারেক।ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালালেও বাসটি জব্দ করা হয়েছে।