কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর মুগদা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. রাসেল হোসেন (২৫) ও একই এলাকার মো. রাব্বি (২৪)। রাসেল রাজধানীর আবুজর গিফারী কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আর রাব্বি হাবীবুল্লাহ বাহার কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রাব্বির চাচাতো ভাই মো. সজীব প্রথম আলোকে বলেন, এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিলেন রাসেল ও রাব্বি। দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (সিমেন্টবাহী) তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাসির উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।