কেরানীগঞ্জে হেলে পড়েছে ছয় তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় তলা বাসাটি (ডানে) হেলে পড়েছে। ছবি: প্রথম আলো
ছয় তলা বাসাটি (ডানে) হেলে পড়েছে। ছবি: প্রথম আলো

কেরানীগঞ্জে চর কালিগঞ্জে ছয় তলা একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ভবনটি পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়ে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর কালিগঞ্জের (তেল ঘাট) রউফ নগর আবাসিক এলাকার ৩ নম্বর গলির ৩৭ নম্বর বাড়িটি পশ্চিম দিকে থাকা অন্য একটি ভবনের ওপর হেলে পড়ে। ভবনের মালিকের নাম মো. নজরুল ইসলাম। এ ঘটনার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি খালি করেন। পরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িটি সিলগালা করা হয়।
রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছয় তলা ওই ভবনের তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পাশের ভবনের সঙ্গে মিশে আছে।
ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা আকলিমা আক্তার জানান, আজ সন্ধ্যার পর থেকে তাঁদের টয়লেটের দরজা আটকে যায়। পরে জানতে পারেন বাড়িটি হেলে পড়েছে। দু বছর ধরে ওই বাড়িতে তাঁরা ভাড়া থাকেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বাড়ির মালিক মো. নজরুল ইসলাম ও পাশের ভবনের মালিক মো. রিপন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা ফোন ধরেননি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. শামিল মিয়া জানান, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ইসলাম বলেন, ‘আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বিশেষজ্ঞ প্রকৌশলীরা বাড়িটি পরিদর্শন করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।