কেরানীগঞ্জে হেলে পড়া ভবনের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা কালীবাড়ি খালপাড় এলাকায় একটি তিনতলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কে রয়েছেন পাশের ভবনের বাসিন্দারা।
যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হেলে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাতে সতর্কীকরণ ব্যানার টানিয়ে দেন। সেই সঙ্গে এর বাসিন্দাদের সরে যেতে বলা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ এপ্রিল রাতে ভূমিকম্পের সময় খালপাড় এলাকার বাসিন্দা লুৎফর রহমানের মালিকানাধীন তিনতলা ভবনটি পাশের বিমল বাবুর তিনতলা ভবনের ওপর হেলে পড়ে। এ সময় ভবন দুটির বাসিন্দাসহ আশপাশের লোকজন আতঙ্কে বাসা থেকে বের হয়ে যান।
হেল পড়া ভবনটির নিচতলার ভাড়াটে মশিউর মিয়া বলেন, ‘আমরা বাসা খুঁজতেছি। তাড়াতাড়ি অন্যত্র চলে যাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক শুভাঢ্যা কালীবাড়ি এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, কোনো রকম পাইলিং ও নকশা অনুমোদন ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছে।
বিষয়টি স্বীকার করে ভবনের মালিক লুৎফর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ১৩-১৪ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি।
আনোয়ারা বেগমের অভিযোগ, প্রশাসন বলেছে তাঁদের সরে যেতে। কিন্তু তাঁরা যাবেন কোথায়? প্রতিবেশী বিমল বাবু তাঁদের উৎখাতে ষড়যন্ত্র করছেন।
বিমল বাবু বলেন, লুৎফর রহমানের ভবনটি হেলে পড়ায় তাঁর ভবনটি ঝুঁকিতে রয়েছে। দুই ভবনের মাঝে থাকা পানির পাইপসহ অন্য মালামাল নষ্ট হয়ে গেছে। ভবনটি দ্রুত অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান জানান, হেলে পড়া ভবনটি প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন। ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সতর্কীকরণ ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।