কেরানীগঞ্জেই হবে জগন্নাথের সম্প্রসারণ কাজ

রাজধানীর পুরান ঢাকায় বর্তমান জায়গা রেখে ঢাকার অদূরে কেরানীগঞ্জে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কাজ। সেখানেই আবাসিক হল নির্মাণ, একাডেমিক ভবনসহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করার, তা করা হবে। এ জন্য কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের কেনা ২৫ বিঘা জমির পাশাপাশি প্রয়োজনীয় পরিমাণ জমি অধিগ্রহণ করা হবে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শেষ দিকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই খুশি হবেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জ ছাড়া আর কোথাও জমি কেনা হবে না।
কেরানীগঞ্জে কতটুকু জমি লাগবে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫ বিঘা জমি আছে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ করার জন্য যে পরিমাণ জমি প্রয়োজন, সেটা নেওয়া হবে। তবে পুরান ঢাকায় নিজস্ব যে জমি আছে, সেটা থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের খালি জায়গায় ও কেরানীগঞ্জের নিজস্ব জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেছিলেন, কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় ছাত্রদের জন্য ১০তলা হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় আজ মন্ত্রিসভা শুধু কেরানীগঞ্জেই বিশ্ববিদ্যালয়টির সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।