কেরানীগঞ্জের অধিকাংশ সড়ক বেহাল
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার অধিকাংশ সড়কের পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। সামান্য বৃষ্টিতে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, উপজেলার আগানগর বাবর আলী রোড, ইমামবাড়ী রোড, কদমতলী, ডাকপাড়া, চুনকুটিয়া খালপাড়, মনু বেপারীর ঢাল সড়কের বেহাল দশা। পিচ উঠে গেছে। নর্দমা না থাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই অনেক জায়গায় হাঁটুপানি জমে। পথচারীরা গর্তে পড়ে আহত হয়। এ ছাড়া এবড়ো-খেবড়ো সড়কে গাড়ি চালাতে হয় ধীরগতিতে। এর ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। গত শনিবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কের ডাকপাড়া গিয়ে দেখা গেছে, অমৃতপুর কালভার্ট থেকে ছাটগাঁও সাজেদা হাসপাতাল পর্যন্ত রাস্তার ২০ গজ দূরত্বের মধ্যে বেশ কয়েকটি গর্তে বৃষ্টির পানি জমে আছে। স্থানীয় লোকজন জানান, সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ একাধিকবার এসব গর্ত ভরাট করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কেরানীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ শামীম আরা শরীফ জানান, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুসংলগ্ন আগানগর সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এই পথে কয়েক শ শিক্ষার্থীর চলাচলে অসুবিধা হয়। বৃষ্টি হলে দুর্ভোগ সীমা ছাড়িয়ে যায়। এই সড়কটি শিগগিরই মেরামত করা দরকার।আমবাগিচা এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. রনি জানায়, আগানগর এলাকার রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় বিদ্যালয়ে যেতে-আসতে সমস্যা হচ্ছে।ঢাকা-নবাবগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হেলাল বলেন, ‘রাস্তার যা হাল তাতে এমনিতে আমাদের খুব কষ্ট হয়। এর ওপর বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে।’আগানগর এলাকার বাসিন্দা হাজি রফিক জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এ সময় ছেলেমেয়েদের স্কুলে যেতে-আসতে খুব সমস্যা হয়। তিনি অভিযোগ করেন, সওজকে এ সমস্যার কথা একাধিকবার জানানো হলে তারা মাঝেমধ্যে সড়কগুলোতে ইট, খোয়া ফেলে সমস্যার সাময়িক সমাধান করে বটে, কিন্তু কিছুদিন না যেতেই পিচ উঠে যায়।এ ব্যাপারে সওজের উপবিভাগীয় প্রকৌশলী নুরুল হোসেন প্রথম আলোকে জানান, কেরানীগঞ্জের যেসব সড়কের পিচ উঠে গেছে, সেগুলোর মেরামতকাজ দুই মাসের মধ্যে শুরু করা হবে। এ ছাড়া শিগগিরই সড়কগুলোর পাশে নর্দমা তৈরি করা হবে।