কেরানীগঞ্জের কাঁচাবাজারে দ্রব্যমূল্য তিন গুণ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সব কাঁচাবাজারে রোজার প্রথম দিন থেকে সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ।গতকাল শনিবার দুপুরে উপজেলার জিঞ্জিরা, বড়িশুর, আগানগর ও কালীগঞ্জ বাজার ঘুরে জানা গেছে, রোজার আগের দিনের চেয়ে গত তিন দিনে কাঁচামালের দাম দুই গুণ থেকে তিন গুণ বেড়েছে। হাসনাবাদ কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা, আদা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, রসুন ১২০ টাকা ও পুদিনাপাতা ৫০০ টাকা হাঁকা হয়। এ ছাড়া মাছ ও মুরগির দামও বেড়েছে।কালীগঞ্জ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, কক মুরগি (লাল) ২০০ টাকা ও দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ইলিশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, রুই ৩০০ টাকা, সিলভার কার্প ১৫০ টাকা, কই ৪৫০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হয়েছে। প্রতি কেজি ছোলা ৯০ টাকা, বেসন ৯০ টাকা, খেসারি ডাল ৫৫-৬০ টাকা, মসুর ডাল (দেশি) ১৬০-১৭০ টাকা, মসুর ডাল (ভারতীয়) ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।বাজার করতে আসা চুনকুটিয়া এলাকার বাসিন্দা আবদুল হালিম জানান, বাজারে রোজার আগের দিন আলুর দাম ছিল প্রতি কেজি ১২ টাকা। এখন কিনতে হচ্ছে ১৭-১৮ টাকায়, গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৯০ থেকে ৩১০ টাকায়। কিন্তু সপ্তাহ খানেক আগে গরুর মাংসের দাম ছিল ২৭০ টাকা। বাজারের মাংস বিক্রেতা ইলিয়াস আলী জানান, রোজার দুই দিন আগে থেকে গরুর দাম বেড়ে যাওয়ায় প্রতি কেজি মাংস ২৭০ টাকার বদলে ২৮০ টাকা বিক্রি করছেন।জিঞ্জিরা এলাকার মেজবা উদ্দিন বলেন, ‘পুঁইশাক প্রতি কেজি ২০-২২ টাকা। রোজার আগে ১২ টাকায় কিনেছিলাম। খাসির মাংস গত মঙ্গলবার প্রতি কেজির দাম ছিল ৪৫০ টাকা, এখন ৫৫০ টাকা।’ এই বাজারের সবজি বিক্রেতা জব্বার মিয়া জানান, রমজানের আগের দিন থেকে কাঁচামালের দাম বেড়ে চলেছে। বাড়তি দাম দিয়ে কিনতে হয়, তাই একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।