কেরানীগঞ্জের কারাগার ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাবন্দীদের সাক্ষাতে আসা আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের কারাগার এলাকায় প্রবেশপথে ব্যাপক তল্লাশি ও নজরদারি করা হচ্ছে। এদিকে জেলারকে হত্যার হুমকির ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ দাবি করছে, ঘটনার তদন্ত অনেকটাই অগ্রসর হয়েছে।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা ৯ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমের মুঠোফোন নম্বরে তাঁকে হত্যার হুমকি দিয়ে একটি খুদে বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, ‘আমাদের চার নেতার (কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামী) মৃত্যুদণ্ড কার্যকরে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব।’

এ ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শাখাওয়াত হোসেন বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় কারাগার কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে। কারাগারে আসা দর্শনার্থীদের ব্যাপক তল্লাশি করা হচ্ছে। এসব এলাকায় চলাচলকারী জনসাধারণের ওপরও নজরদারি করা হচ্ছে।

গতকাল সোমবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে গিয়ে দেখা গেছে, কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশ এলাকায় কারারক্ষীরা টহল দিচ্ছেন। এ ছাড়া কারাবন্দীদের সাক্ষাতে আসা আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের কারাগার এলাকায় প্রবেশপথে ব্যাপক তল্লাশি ও নজরদারি করা হচ্ছে। কারাগারের প্রবেশমুখে দায়িত্বরত কারারক্ষী আর্জিনা খানম বলেন, কয়েক দিন ধরে কারাগারে আসা দর্শনার্থীদের তল্লাশি চালানো হচ্ছে।

রাজধানীর লালবাগ থেকে আসা বিলকিস বেগম (৩৫) বলেন, ‘গত সপ্তাহে এসেছিলাম, কারাগারের প্রবেশমুখে এ রকম তল্লাশি চালাতে দেখিনি। আজ এসে দেখি, বন্দীদের দেখতে আসা আত্মীয়স্বজন নারী-পুরুষ সবাইকে তল্লাশি করা হচ্ছে।’

জেলার প্রথম আলোকে বলেন, কারাবন্দীদের নিরাপত্তায় কারাগারের অভ্যন্তরে ও এর আশপাশ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কারাবন্দীদের আত্মীয়স্বজন ও দর্শনার্থীরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য কারা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, ‘আমাকে হত্যার হুমকি ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করার পর থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার আমার ও আমার পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। এই ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, জেলারকে হুমকির ঘটনায় হুমকিদাতাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এ ছাড়া যে মুঠোফোন নম্বরে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বর ধরে তদন্তের অনেকটাই অগ্রসর হয়েছে।