কেরানীগঞ্জের জিনস শিল্পাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের একটি জিনস কারখানা l ছবি: প্রথম আলো
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের একটি জিনস কারখানা l ছবি: প্রথম আলো

শুরুটা হয় পুরোনো কাপড় জোড়াতালি দিয়ে। বুড়িগঙ্গার পারে দূরদূরান্ত থেকে ঝুট কাপড়ভর্তি (পোশাক কারখানায় বেঁচে যাওয়া উচ্ছিষ্ট কাপড়) নৌযান আসত। আশপাশের লোকজন সেখান থেকেই ব্যবসা শুরু করেন। থাকতেন ছোট ছোট বাঁশের ছাপরায়। এখন সেখানে বড় বড় দালান। বিদ্যুচ্চালিত যন্ত্রের অনবরত শব্দ। দক্ষিণ কেরানীগঞ্জে এখন জমজমাট পোশাকশিল্পের ক্ষুদ্র ব্যবসা।
দক্ষিণ কেরানীগঞ্জ, পূর্ব আগানগর গুদারাঘাট, আগানগর ছোট মসজিদ, চরকালীগঞ্জ ও খেজুরবাগান এলাকা মিলিয়ে প্রায় দুই কিলোমিটারজুড়ে ছোট-বড় পোশাকশিল্প কারখানা গড়ে উঠেছে। পুরোনো ব্যবসায়ীরা বলছেন, স্বাধীনতার পর থেকেই এই ব্যবসা শুরু হয়। ব্যবসায়ীদের বেশির ভাগই মুন্সিগঞ্জের।
দেশের ভেতরে ব্র্যান্ড নামবিহীন পোশাকের যে বাজার, সেখানেই সরবরাহ যায় এখান থেকে। মূলত জিনস ও গ্যাবার্ডিনের প্যান্ট বেশি তৈরি হয় এসব কারখানায়। এখন শীত বলে গরম কাপড়ের চাহিদা বেশি। নানা রকমের জ্যাকেট, মেয়েদের রংবেরঙের সোয়েটার, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি পাওয়া যায়। এটা পাইকারি বাজার। কারখানাগুলোর বেশির ভাগেরই শোরুম আছে। ‘দ্য শাহীন পয়েন্ট’ নামে একটি শোরুমের বিক্রেতা মো. হান্নান এই বাজারের সঙ্গে যুক্ত ১০ বছর ধরে। তিনি বলেন, তাঁদের প্যান্ট ঢাকার বিভিন্ন অভিজাত বিপণিবিতানেও বিক্রি হয়। একেকটি প্যান্টের পাইকারি দাম পড়ে ১৫০ থেকে ৭০০ টাকা।
টঙ্গী, সাভারসহ বিভিন্ন বড় পোশাক কারখানা থেকে কাঁচামাল আসে সদরঘাট হয়ে। এসব দিয়েই পোশাক তৈরি হয়। দুজন শ্রমিক নিয়েও অনেকে একেকটি পোশাক কারখানা চালাচ্ছেন।
মো. জামাল তানাকা মার্কেটে ছোট্ট একটি দোকানে কাজ করছিলেন। সঙ্গে আরও দুজন। তিনি নিজেই একজন ‘মহাজন’ (কারখানার মালিকদের এখানে মহাজন বলা হয়)। বছর দুয়েক আগেও ছিলেন শ্রমিক। প্যান্ট তৈরি করে পাইকারি দোকানে দেন। একেকটি তৈরি প্যান্ট পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করেন ৯০ টাকায়। জামালের মতো অনেকেই শ্রমিক থেকে মালিক হয়েছেন।
বেশ কিছু কারখানায় শ্রমিকের সংখ্যা জনাদশেক। সবচেয়ে বড় কারখানার শ্রমিকসংখ্যা এক শর বেশি হবে না। প্রায় প্রতিটি দোকান ও কারখানায় নারী শ্রমিক আছেন।
সোনিয়া আক্তার একটি দোকানে প্যান্টের লক লাগানোর কাজ করেন পাঁচ বছর ধরে। মাসে আয় ছয় হাজার টাকা। কাজের পরিবেশ নিয়ে বলেন, ‘এইখানে সমস্যা অয় না। আমরা সকাল নয়টায় আহি, দুপুরে খাইয়া বিকাল থাইক্যা রাইত ৯-১০টা পর্যন্ত কাম করি। মহাজন ভালো অইলে কাম করতে অসুবিধা অয় না।’ পুরুষ শ্রমিকেরা অধিকাংশই কারখানা ঘরে থাকেন।
১৯৯০ সালের পর থেকে ব্যবসা করছেন তোফাজ্জল হোসেন। তিনি জানালেন, এখানে শ্রমিক আছেন প্রায় দুই লাখ। বাজারে প্রায় ১০ হাজার দোকান। মূল ব্যবসা জমে ঈদ ও শীতে। তিনি বলেন, ‘শার্ট-প্যান্টের দিক থেকে দেশীয় চাহিদার প্রায় ৭০ ভাগ মেটায় এ মার্কেট।’
ব্যবসায়ীরা বলেন, এখানকার পোশাক দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা কিনে নেন। ব্যবসা ভালো চলছে। নতুন নতুন দোকান হচ্ছে। বাড়ছে ব্যবসায়ীর সংখ্যাও।
মার্কেট ঘিরে অনেক ব্যাংক গড়ে উঠেছে। তবে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পান না। ব্যবসায় নামতে চাইলে তাঁকে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়। ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, এ এলাকাকে সরকার ব্যবসায়িক অঞ্চল হিসেবে ঘোষণা দিলে ভালো হয়। সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা উচিত।
কেরানীগঞ্জ তৈরি পোশাক কারখানার ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ব্যবসা ভালো। রাস্তাঘাট ভালো হচ্ছে। মার্কেট নিরাপদ। শ্রমিক অসন্তোষ নেই জানিয়ে তিনি বলেন, ‘এখানে বেশির ভাগই শ্রমিক থেকে মালিক হয়েছেন। সবাই আন্তরিক ও মানবিক। আমরা মালিকেরাই শ্রমিক।’