কেরানীগঞ্জের তথ্যসেবা কেন্দ্রগুলো বেহাল
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রের বেশির ভাগই বন্ধ হয়ে গেছে। কয়েকটি কেন্দ্র খোলা থাকলেও সেগুলোতে সরকারের দেওয়া সব সরঞ্জাম নেই। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রশাসন কার্যালয় জানায়, উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি তথ্যসেবাকেন্দ্রে দুটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ফটোকপি মেশিন, একটি ডিজিটাল ক্যামেরা, একটি ইন্টারনেট মডেম, একটি স্ক্যানার, একটি জেনারেটর ও একটি প্রজেক্টর দেওয়া হয়। এসব কেন্দ্রের কয়েকজন উদ্যোক্তা জানান, এসব সরঞ্জামের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। যেগুলো সচল আছে, সেগুলোর রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ায় ব্যবহার করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, শুভাঢ্যা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে দুটি কম্পিউটার ছাড়া অন্য কোনো সরঞ্জাম নেই। কেন্দ্রে কর্মরত মো. সুমন জানান, ফটোকপি মেশিন ও জেনারেটর নষ্ট। বাকি সরঞ্জামের অবস্থাও ভালো নয়। খেজুরবাগ এলাকার মিনারা বেগম জানান, ‘এখানে শুধু ছবি তুলতে আসি। কারণ, মেইল ও ফটোকপির জন্য কয়েকবার এসে ফেরত গেছি।’
তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজার এলাকার তথ্যসেবাকেন্দ্রে অন্যান্য সরঞ্জাম দেওয়া হলেও জেনারেটর ও প্রজেক্টর দেওয়া হয়নি। এ ব্যাপারে কেন্দ্রের উদ্যোক্তা মো. শাহাদাত হোসেন জানান, সব সরঞ্জাম ঠিকমতো চলছে না। এগুলো নজরদারির জন্য উপজেলা থেকে কোনো পর্যবেক্ষক নিয়োগ করা হয়নি। এ কারণে সেবা কার্যক্রম চালানো যাচ্ছে না। প্রতিদিন ১৫-২০ জন সেবা গ্রহণকারী এসে ঘুরে যাচ্ছেন।
আগানগর ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র আমবাগিচা সড়ক এলাকার একটি দোকানে পরিচালিত হচ্ছে। সেখানে মাত্র একটি কম্পিউটার রয়েছে। কেন্দ্রের উদ্যোক্তা মো. জুয়েল জানান, ফটোকপি মেশিনটি নষ্ট। উপজেলা প্রশাসন থেকে এটি ঠিক করে দেওয়ার কথা বলা হলেও আজও ঠিক করা হয়নি। জেনারেটর ও প্রজেক্টর ইউনিয়ন পরিষদে রয়েছে।
আগানগর ইস্পাহানি এলাকার বাসিন্দা মো. রমিজ মিয়া বলেন, ‘আমার ছেলে মালয়েশিয়ায় থাকে। তাকে জরুরি সংবাদের জন্য ই-মেইল পাঠাতে হবে। দুই দিন ধরে এই দোকানে এসেছি। কিন্তু দোকানটি বন্ধ।’
জিনজিরা ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রটি মান্দাইল বাজারে অবস্থিত। কেন্দ্রের উদ্যোক্তা মো. অপুকে না পেয়ে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর কেন্দ্রে একটি কম্পিউটার আছে। তবে প্রজেক্টর দেওয়া হয়নি। জেনারেটর অন্য জায়গায় রয়েছে। বাকি সরঞ্জামের বিষয়ে তাঁর জানা নেই।
কালিন্দি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মো. নাজমুল হক। কেন্দ্রে একটি ফটোকপি মেশিন ও একটি কম্পিউটার রয়েছে। কিন্তু অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি। এ ব্যাপারে নাজমুল হক বলেন, ‘আমার প্রজেক্টরটি নষ্ট। জেনারেটর অন্য জায়গায় আছে।’
এ ছাড়া শাক্তা, বাস্তা, হযরতপুর ও তারানগর ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। রোহিতপুর, কলাতিয়া ও কুণ্ডা ইউনিয়নের কেন্দ্রগুলো মাঝে মাঝে খোলা হয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।