কেরানীগঞ্জের পোশাকপল্লিতে জিনস প্যান্ট বিক্রির ধুম
ঈদের আগে জিনস প্যান্ট বিক্রির ধুম পড়েছে কেরানীগঞ্জের পোশাক তৈরির পল্লিতে। ছোট-বড় প্রায় সাত হাজার কারখানায় তৈরি হচ্ছে জিনস প্যান্ট। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর ও চর কালীগঞ্জ এলাকায় তৈরি হচ্ছে এসব প্যান্ট।
কেরানীগঞ্জের পোশাক তৈরির পল্লিতে তৈরি জিনস প্যান্ট ঢাকাসহ সারা দেশের অভিজাত বিপণিবিতান, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে শোভা পাচ্ছে। জিনস প্যান্ট কিনতে এই পল্লিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন সারা দেশ থেকে আসা পাইকারেরা। এখানকার তৈরি ছোট ও বড়দের জিনস প্যান্টের দাম ১১০ থেকে ৩ হাজার টাকা।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাবেক সহসভাপতি মো. আমান উল্লাহ ওরফে মন্টু বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ জিনস প্যান্টের চাহিদা পূরণ করছে কেরানীগঞ্জের পোশাকপল্লি। এখানকার তৈরি প্যান্টগুলো রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অভিজাত দোকান ও বিপণিবিতানে বিক্রি হচ্ছে। এবার ঈদ মৌসুমে ৩০০ কোটি টাকার জিনস প্যান্ট বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।
পূর্ব আগানগর হাজি আলিমউল্লাহ কমপ্লেক্সের মোহন প্যান্ট হাউসের পরিচালক মোজাফফর হোসেন জানান, শবে বরাতের পর থেকে মফস্বলের পাইকারেরা কেনাকাটা শুরু করেছেন। এখানে পুরোদমে বেচাকেনা চলবে ২৫ রমজান পর্যন্ত। নূর সুপার মার্কেটের নূর জেনারেল গার্মেন্টসের স্বত্বাধিকারী সেলিম আহমেদ বলেন, বিশ্বের নামীদামি সব কোম্পানির প্যান্টের আদলে এখানে প্যান্ট তৈরি করা হয়। এখানে তৈরি জিনস প্যান্ট গুণে-মানে বেশ উন্নত। কিন্তু দাম বেশ কম। তিনি আরও বলেন, এখানে লি, ডিজেল, ব্লু কালেকশন, কেলভিন ক্লেইন, কসমো, টিভি লেভেল, পিয়ারিম্যান ও লুসিলং, আরমানিসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের আদলে জিনস প্যান্ট তৈরি হচ্ছে।
আগানাগর এলাকার জিনস প্যান্ট ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ‘প্রতিদিন আমাদের গার্মেন্টসপল্লিতে কয়েক কোটি টাকার জিনস প্যান্ট বিক্রি হচ্ছে। পোশাক তৈরিতে আমরা উন্নত বিশ্বের চেয়ে কোনো অংশে কম নই।’