কেরানীগঞ্জের পোশাকপল্লিতে শেষ মুহূর্তের ব্যস্ততা
আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান—সর্বত্র জমে উঠেছে ঈদের কেনাকাটা। চরম ব্যস্ত সময় পার করছেন খুচরা দোকানিরা। পোশাকের মজুত শেষ হওয়ার পর তাঁরা ছুটছেন পাইকারি দোকানে। তাই এখনো ব্যস্ততা কাটেনি পাইকারি বিক্রেতাদেরও। কেরানীগঞ্জের পোশাকের পাইকারি বাজারেও এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। শেষ সময়ে মূলত ঢাকা ও আশপাশের ব্যবসায়ীরা পোশাক কিনতে আসছেন কেরানীগঞ্জে।
কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ীরা বলেন, রাজধানীসহ সারা দেশের বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানে কেরানীগঞ্জে তৈরি পোশাক বিক্রি হয়। তাঁদের দাবি, কেরানীগঞ্জের পোশাকের দাম কম, গুণগত মানও ভালো। এ কারণে তাঁদের পোশাকের চাহিদা ব্যাপক।
গতকাল সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের চরকালিগঞ্জ, পূর্ব আগানগর ও খেজুরবাগ এলাকার জিলা পরিষদ মার্কেট, তানাকা মার্কেট, এস আলম সুপার মার্কেট, নুর সুপার মার্কেট, চৌধুরী মার্কেট, আলম সুপার মার্কেট, ইসলাম প্লাজা, আনোয়ার সুপার মার্কেটে পাইকারদের ভিড় দেখা গেছে।
আসাদ এন্টারপ্রাইজের মালিক মো. আসাদ খান বলেন, পবিত্র শবে বরাতের পর থেকে এখানে বেচাকেনা শুরু হয়েছে। তাঁদের ব্যস্ততা চলবে ২৭ রমজান পর্যন্ত।
পূর্ব আগানগরের আলম টাওয়ার মার্কেটের অ্যাঞ্জেল ফ্যাশনের পরিচালক শাকিল আহমেদ বলেন, দেশের সবচেয়ে বড় তৈরি পোশাকের মার্কেট এটি। তাঁদের ব্যবসা মোটামুটি ভালো চলছে। শেষ মুহূর্তে রাজধানী ও এর আশপাশের অঞ্চলের পাইকারি ক্রেতারা ভিড় জমাচ্ছেন এখানে।
পূর্ব আগানগর মসজিদ মার্কেটের সোহেল গার্মেন্টসের পরিচালক পারভেজ হোসেন বলেন, ব্যবসায়ীরা এখানে নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে পারেন। যে কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা কেরানীগঞ্জে ছুটে আসছেন।
গতকাল কথা হয় মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের শীলা ফ্যাশনের মালিক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ১০ থেকে ১২ বছর ধরে তিনি
ঈদের সময় কেরানীগঞ্জে পণ্য কিনতে আসেন। এখানকার বিপণিবিতানগুলোয় সব ধরনের এবং সব বয়সের মানুষের তৈরি পোশাক পাওয়া যায়। যে জন্য অন্য এলাকার মার্কেটে যেতে হয় না। তিনি আরও বলেন, কেরানীগঞ্জে প্যান্ট ১২০ থেকে ৭০০ টাকা এবং মেয়েদের পোশাক ১৫০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায়।
গাজীপুরের রাজেন্দ্রপুরের শিহাব ফ্যাশন হাউসের ব্যবস্থাপক ইমরান হোসেন বলেন, উৎসবের সময়গুলোয় তাঁরা কেরানীগঞ্জ থেকে পোশাক কেনেন।
ময়মনসিংহ থেকে পোশাক কিনতে আসা মীর মোশারফ বলেন, এই রমজানে এ নিয়ে তিনবার পোশাক কিনতে এসেছেন তিনি। এখানকার পোশাকের দাম কম। এ ছাড়া এখানে বিদেশি পোশাকের আদলে পোশাক তৈরি করা হয় বলে বাজারে এর চাহিদাও বেশি।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, ‘এখানকার যাতায়াতব্যবস্থা ভালো বলে বিভিন্ন অঞ্চলের পাইকারেরা আমাদের মার্কেটে মালামাল কিনতে আসেন। তা ছাড়া পাইকারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সমিতির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’