কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয় বিদ্যুৎবিহীন, কাজকর্ম বন্ধ
দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ না থাকায় কার্যালয় প্রায় অচল হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন বিআরটিএর কার্যালয়ের কর্মকর্তারা। এতে ভোগান্তিতে পড়েছেন বিআরটিএর কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকেরা।
জানা গেছে, সপ্তাহখানেক ধরে বিআরটিএর কার্যালয়ের বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেনসহ বিভিন্ন বিভাগে যানবাহনের সেবা নিতে আসা অসংখ্য গ্রাহক কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছে। অনেকে দপ্তরের সামনে বসে আছেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষে কর্মচারী ও কর্মকর্তারা মোমবাতি জ্বালিয়ে কেউ কেউ কাজকর্ম করছেন।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে আসা সিরাজ উদ্দিন বলেন, ‘তিন দিন ধরে কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয়ে আসছি। ফিটনেস করানোর জন্য সকাল ১০টা থেকে বসে আছি। দুপুর গড়াচ্ছে অথচ বিদ্যুৎ সরবরাহ না থাকায় কাজ বন্ধ আছে।’
অপর এক গ্রাহক নারায়ণগঞ্জ থেকে আসা আবু সালেহ (৫০) বলেন, ‘সকাল থেকে বসে আছি। বিদ্যুৎ না থাকায় ব্যাংকে টাকা জমা দিতে পারছি না। বিদ্যুৎ কখন সচল হবে কর্মচারীরা কেউ বলতে পারছেন না। কার্যালয়ে জেনারেটরের ব্যবস্থা থাকলেও তা মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়।’
এভাবেই সেবা নিতে আসা গ্রাহকেরা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়ছেন।
কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) নুরুল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিকল হওয়ায় কয়েক দিন ধরে বিদ্যুৎ নেই। এ বিষয়ে কেরানীগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। কাজ চলছে।