কেরানীগঞ্জের শিং নদ দখলমুক্ত অভিযান শুরু
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শিং নদের শাখা খালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার খালের ওপর গড়ে ওঠা চারটি পাকা মার্কেট, একটি তিনতলা ভবন ও অর্ধশত পাকা দোকানঘর উচ্ছেদ করা হয়।
সকালে উপজেলার রামেরকান্দা বাজার এলাকায় শিং নদের শাখা খালে যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায় ঢাকা জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা বানু এবং ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
ভুক্তভোগী ব্যক্তিদের অনেকের দাবি, তাঁদের নিজস্ব জায়গায় গড়ে তোলা স্থাপনা প্রশাসন উচ্ছেদ করে দিয়েছে। তবে প্রশাসন বলছে, খালের জায়গাতেই গড়ে ওঠা স্থাপনাই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
সকাল নয়টার দিকে রামেরকান্দা বাজারসংলগ্ন শিং নদের শাখা খালে খোকন মিয়ার অবৈধভাবে গড়ে তোলা একতলা ভবন উচ্ছেদের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। এরপর একে একে খালের ওপর নির্মিত ইস্পাহানী ডিগ্রি কলেজের মালিকানাধীন কলেজ মার্কেটের ১৪টি দোকান, অগ্রগামী তাঁতী সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির ১৩টি দোকান, ব্যবসায়ী শফিকুল ইসলামের তিনতলা ভবনের অংশবিশেষ উচ্ছেদ করা হয়।
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের পৈতৃক ভিটায় ৩ শতাংশ জমিতে আড়াই বছর আগে তিনতলা পাকা বাড়ি নির্মাণ করি। এখন উপজেলা প্রশাসন বলছে, খালের ওপর ২০ ফুট জায়গায় ভবন নির্মাণ করা হয়েছে। আমরা নিজ দায়িত্বে সেগুলো ভেঙে দিচ্ছি।’
শরীফ ফেব্রিকসের মালিক মো. শরীফ হোসেন বলেন, কলেজের মার্কেটে তাঁর দুটি দোকান ছিল। প্রায় তিন বছর আগে তিন লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান দুটি বরাদ্দ নিয়েছিলেন এবং মাসে আট হাজার টাকা করে ভাড়া দিচ্ছিলেন। সরকার এখন এসব দোকান অবৈধ বলে ভেঙে দিচ্ছে।
ইস্পাহানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিনের দাবি, কলেজের মার্কেটটি প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া কিছু জমি ব্যক্তিগত দানসূত্রে পাওয়া গিয়েছিল। সরকার এখন সেই জায়গাকে শিং নদের জায়গা দাবি করে মার্কেট ভেঙে দিয়েছে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা বানু বলেন, গত ২৫ মে হাইকোর্ট শিং নদের শাখা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গতকাল রামেরকান্দা বাজার এলাকায় শিং নদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো খাল এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।