কেরানীগঞ্জের শিশু নাফিস হত্যার দায়ে দুজনের ফাঁসি
কেরানীগঞ্জের পুরাতন সোনাকান্দা প্রভাতী বিদ্যানিকেতনের প্লে গ্রুপের ছাত্র নাফিসকে অপহরণ ও হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আলী হোসেন ও মো. শফিক। তারা পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আরেক আসামি মো. খলিলকে খালাস দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, আসামিরা গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে।
২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বিকেলে শিশু নাফিস তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে চকলেট কিনতে বাড়ির পাশের দোকানে যায়। এরপর সে আর ফিরে আসেনি। পরে ওই দিন রাতেই অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা পাশের বাড়ির এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে অপহরণ করার দাবি করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশু নাফিসকে হত্যা করা হয়। ২৩ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের মোল্লাবাড়ীর মসজিদের পাশে বালুর স্তূপের ওপর নাফিসের মৃতদেহ পাওয়া যায়। ওই দিনই নাফিসের নানা বাচ্চু মিয়া কেরানীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে এই মামলা করেন। তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. শাহদাত হোসেন ২০১২ সালের ৩০ এপ্রিল তিন আসামি আলী হোসেন, মো. শফিক ও খলিলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।