কেরানীগঞ্জের শীতবস্ত্রের বাজার জমে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে শীতবস্ত্রের পাইকারি বাজার জমে উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর ও কালীগঞ্জের তৈরি বাহারি রং ও ডিজাইনের আধুনিক শীতের পোশাক ঢাকাসহ সারা দেশেই বিক্রি হচ্ছে। এখানকার তৈরি শীতবস্ত্র দামে কম ও কাপড়ের গুণগতমান ভালো হওয়ায় পাইকারি ক্রেতাদের চাহিদা বেশি।
গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লির চর কালীগঞ্জ, পূর্ব আগানগর, খেজুরবাগ ও শুভাঢ্যার বিভিন্ন কারখানায় ঘুরে দেখা গেছে, ছোট-বড় কারখানায় এখন শীতের পোশাক তৈরি হচ্ছে। দোকানগুলোও এসব কাপড়ে ঠাসা। পাইকারেরা দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।
পাবনা সদর থেকে আসা পোশাক ব্যবসায়ী শরীফ হোসেন জানান, প্রতিবছর ঈদ, পূজা ও শীতের মৌসুমে কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে তৈরি পোশাক পাইকারি দরে কিনতে আসেন। এ বছরও শীতের কাপড় কেনার জন্য এসেছেন। এখানে শিশু থেকে বৃদ্ধ—সবার শীতের পোশাক সুলভে পাওয়া যায়।
রাজধানীর তেজগাঁও থেকে আসা পোশাক ব্যবসায়ী মো. মামুন জানান, প্রতিবছর শীতের মৌসুমে এখানে তিনি শীতের কাপড় কিনতে আসেন। এখানকার তৈরি শীতবস্ত্র দামে কম, ডিজাইনও বিদেশি পোশাকের মতো।
পূর্ব আগানগর আলম মার্কেটের আহমেদ গার্মেন্টসের পরিচালক সুব্রত সাহা জানান, শীতের মৌসুম সামনে রেখে ইতিমধ্যেই পাইকারেরা আসতে শুরু করেছেন। এবারের শীতে ছেলেদের স্যুট, ব্লেজার, সোয়েটারের পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে বাহারি ডিজাইনের সব ধরনের শীতকালীন পোশাক। এ বছর ছেলেদের কিংডম সোয়েটার ছাড়াও রয়েছে মেয়েদের কার্ডিগান, শর্ট ব্লেজার, কটি সোয়েটার ইত্যাদি।