কেরানীগঞ্জের সফল আমচাষি

নিজের পরিবারের লোকজনকে বিষমুক্ত আম খাওয়াতে ২০১১ সালে বাড়ির আঙিনায় আম্রপালি জাতের ১২টি আমগাছের চারা রোপণ করেন আশরাফউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকার এই বাসিন্দা পরে ব্যবসায়িক উদ্দেশ্যে আমগাছ লাগাতে শুরু করেন। এখন ২০ বিঘা জমির আমবাগানে গাছের সংখ্যা ১২ শতাধিক। সেই বাগানের আম বিক্রি হয়েছে।
২০১৩ সালে আশরাফউদ্দিন আহমেদ তাঁর বাবা তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজউদ্দিনের পরামর্শে তাঁদের ২০ বিঘা জমিতে ১২ শতাধিক আমের চারা রোপণ করেন। বাণিজ্যিক ভিত্তিতে বিষমুক্ত নিরাপদ আম চাষ করাই ছিল উদ্দেশ্য। বর্তমানে আশরাফের আমবাগানে পাওয়া যাচ্ছে উন্নত জাতের আম্রপালি, ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, হাড়িভাঙ্গা, দুধসাগর, মল্লিকাসহ বিভিন্ন জাতের আম।
কয়েক দিন আগে আশরাফের আমবাগানে গিয়ে দেখা যায়, কর্মচারীরা আম সংগ্রহে ব্যস্ত। এর পাশাপাশি বাগানের মালিক আশরাফউদ্দিন আহমেদ নিজেও বাগানের পরিচর্যা করছেন। বাগানের কর্মচারী মো. হাফিজুল জানান, পাঁচজন কর্মী বাগানে কাজ করছেন। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে এ মৌসুমে সাড়ে ৪ টন আম বিক্রি করা হয়েছে।
কর্মচারীদের সঙ্গে আলাপকালে কয়েকজন ক্রেতাও চলে আসেন। কলাতিয়া নাজিরপুর এলাকার সৌদি আরবপ্রবাসী তানভীর হাসান বন্ধুদের নিয়ে এসেছেন আম কিনতে। তানভীর হাসান বলেন, ‘আজকাল বিষ ও ফরমালিনমুক্ত আম পাওয়া মুশকিল। লোকমুখে শুনেছি, সিরাজনগরে বিষমুক্ত আম পাওয়া যায়। তাই বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকে ১০ কেজি আম কিনব।’
আমবাগানের মালিক আশরাফউদ্দিন আহমেদ বলেন, ‘নিউমার্কেটে নিজের চশমার ব্যবসা আছে। তারপরও সকাল-বিকেল আমবাগানের পরিচর্যা করি। আমের উৎপাদনকে ব্যবসা হিসেবে গ্রহণ করায় একদিকে এলাকাবাসী বিষমুক্ত আম খেতে পারছেন, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হতে পারছি।’ তিনি জানান, ভবিষ্যতে ১৫ বিঘা জমিতে লিচু চাষের পরিকল্পনা রয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফখরুল আলম বলেন, উপজেলায় বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের কারিগরি প্রযুক্তি ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আশরাফউদ্দিনের আম চাষের সফলতাকে উদাহরণ হিসেবে গণ্য করা যায়। আশরাফউদ্দিন জৈব সার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফল উৎপাদন করেছেন। তাঁর বাগানটিকে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের প্রকল্প হিসেবে চিহ্নিত করে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।