কেরানীগঞ্জের স্মৃতিস্তম্ভটি বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় মুক্তিযোদ্ধা নুর ইসলাম চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটির বেহাল দশা। স্তম্ভের চারদিকের লোহার রেলিংয়ের বেশির ভাগ অংশ চুরি হয়ে গেছে।
২০১০ সালের ১৬ ডিসেম্বরে কেরানীগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কদমতলী গোলচত্বর এলাকায় মুক্তিযোদ্ধা নুর ইসলাম চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সরকারের দুই মন্ত্রী।
চরকুতুব এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া জানান, কেরানীগঞ্জের সড়কগুলোর মধ্যে কদমতলী চত্বরটি বেশ গুরুত্বপূর্ণ। এখানকার সৌন্দর্যবর্ধনে ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু কিছুসংখ্যক অসাধু লোক রাতের আঁধারে স্মৃতিস্তম্ভের চারদিকের লোহার রেলিং খুলে নিয়ে গেছে।
কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাজাহান বলেন, রাতের বেলায় এসব রেলিং খুলে নেওয়া হলেও কেউ এগুলো উদ্ধারের কোনো ব্যবস্থা করেনি। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, শহীদ স্মৃতিস্তম্ভটির সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাস্কর্যের চারপাশ গ্লাস দিয়ে ঘেরা হবে। যাতে পরবর্তী সময়ে কেউ এর ক্ষতি করতে না পারে। এ ছাড়া এটির সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য যা যা করণীয় তা করা হবে।