কেরানীগঞ্জে'বন্দুকযুদ্ধে' পুলিশসহ গুলিবিদ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন জিয়ানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে কেরানীগঞ্জে মাদকসম্রাট হিসেবে পরিচিত নূর হোসেন ওরফে নুরুকে (২৮) আটক করে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে মাদক উদ্ধারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নূর হোসেনকে নিয়ে অভিযান শুরু করে। এরপর জিয়ানগর এলাকায় কালিন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমানের মালিকানাধীন পরিত্যক্ত কাশবনের ভেতর থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নূর হোসেনের বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধারে যাওয়ার সময় একপর্যায়ে সন্ত্রাসীরা নূর হোসেনকে ছিনিয়ে নিতে গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ২৪-২৫টি গুলিবিনিময় হয়।

সন্ত্রাসীদের গুলিতে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, এসআই আমিনুল ইসলাম, কনস্টেবল আবদুল মতিন ও কনস্টেবল সবুজ গুলিবিদ্ধ হন। একই সঙ্গে নূর হোসেনের ডান হাঁটুতে গুলি লাগে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একটি শাটারগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের চিকিত্সার জন্য কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নূর হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, নূর হেসেনের বিরুদ্ধে মাদকদ্রব্যের ব্যবসা, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।