কেরামত আলীর বিপদ আজব আলীকে নিয়ে
জেলার সব হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা সিভিল সার্জনের কাছে অনুরোধ করে রেখেছেন তাঁকে যেন তাঁদের হাসপাতালে পদায়ন করা না হয়। এই অবস্থায় অ্যাম্বুলেন্সচালক আজব আলীকে নিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের সিভিল সার্জন শেখ কেরামত আলী। তাঁকে কর্মহীন অবস্থায় প্রায় দেড় মাস তাঁর কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। আজব আলীও হাজিরা দেন, আর বসে সময় কাটিয়ে বাড়ি ফেরেন।অথচ সর্বশেষ কোটচাঁদপুর হাসপাতাল থেকে আজব আলীকে প্রত্যাহারের পর সেখানকার অ্যাম্বুলেন্সটি চালকের অভাবে পড়ে আছে। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। অ্যাম্বুলেন্স থাকার পরও বিড়ম্বনায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরও আজব আলীকে মানতে রাজি নয় তারা। কারণ আজব আলীর কর্মকাণ্ডে অতিষ্ঠ কর্তৃপক্ষ ও রোগীরা।আজব আলী চাকরিজীবনের ১৮ বছরের অধিকাংশ সময় কাটিয়েছেন কোটচাঁদপুরে। মাঝে সদর ও মহেশপুর হাসপাতালে ছিলেন কয়েক মাস। নাম প্রকাশ না করার শর্তে কোটচাঁদপুর হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মচারী জানান, বিএনপিদলীয় সাবেক একজন সাংসদের গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে চাকরির প্রথম থেকে আজব আলী ক্ষমতার প্রভাব খাটিয়ে চলতেন। অ্যাম্বুলেন্সচালক হলেও তাঁর প্রভাব ছিল জেলার গোটা স্বাস্থ্য বিভাগের ওপর। কর্মকর্তা, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, নিজ পছন্দের ক্লিনিকে রোগী ভর্তি করতে বাধ্য করা ছিল আজব আলীর কাজ। কোটচাঁদপুর শহরের জনৈক মোশাররফ হোসেনের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে আজব আলী ওই কর্মকর্তার টেবিল থেকে সেই অভিযোগপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। তাঁর বিরুদ্ধে হাসপাতালের মালামাল চুরি করে বিক্রির অভিযোগও রয়েছে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেকমত আলী জানান, দীর্ঘদিন আজব আলীকে নিয়ে বিপাকে ছিলেন তাঁরা। পরে উপজেলা স্বাস্থ্য কমিটির এক সভায় তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়। গত ৪ আগস্ট তাঁকে কোটচাঁদপুর থেকে প্রত্যাহার করা হয়। সিভিল সার্জন কেরামত আলী জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজব আলীকে কোটচাঁদপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। অন্য হাসপাতালগুলোতে তাঁকে পদায়নের চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তাঁকে নিতে রাজি নন। তাঁকে পদায়ন না করতে আগে থেকেই অনুরোধ করেছেন প্রায় সব হাসপাতালের শীর্ষ কর্মকর্তা। এ অবস্থায় তিনি বিপাকে পড়েছেন।তবে আজব আলীর দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। তিনি কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাঁকে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ নিতে চাচ্ছে না, এটাও ঠিক নয়। তিনি নিজেই চেষ্টা করছেন আবার কোটচাঁদপুরে ফিরে যাওয়ার জন্য।