কেরালা থেকে সহায়তা পেয়েছিল জেএমবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত শাহনূর আলম পুলিশের জিজ্ঞাসাবাদে কেরালা থেকে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সহায়তা পেয়েছে বলে তথ্য দিয়েছেন। খবর ওয়ান ইন্ডিয়া ডটকমের।

গতকাল সোমবার ওয়ান ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, শাহনূরকে জিজ্ঞাসাবাদে এই প্রথম বর্ধমানের ঘটনায় কেরালার যোগসূত্রের বিষয় উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ২০১২ সালে আসামে বোড়ো ও বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে জাতিগত দাঙ্গার সময় জেএমবি সদস্যদের ভেড়ানোর একটি বড় কাজ সারা হয়েছিল। সে সময় সংগঠনটির তরফে তাঁদের সর্বাত্মকভাবে কাজ চালানোর কথা বলা হয়। এ ছাড়া জানানো হয়, তাঁদের সঙ্গে তিন হাজার লোক আছেন।

শাহনূর আরও বলেন, কেরালা থেকে ওই সময় কমপক্ষে ৫০ জনের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়। পরে এ দলের সদস্যরা জেএমবির নিয়োগপ্রক্রিয়া ও সংগঠনের মতাদর্শ প্রচারের কাজে সক্রিয়ভাবে অংশ নেয়।               

রোববার শাহনূরের স্বীকারোক্তি উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে হত্যার পাশাপাশি ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ তৈরিতে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছিল জেএমবি।

গত শুক্রবার রাতে ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলা থেকে শাহনূরকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। গ্রেপ্তারের পর শাহনূরকে আদালতে আনা হলে আসামের কামরূপ আদালত তাঁর বিরুদ্ধে ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।