কেরালায় 'বাংলাদেশি' নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তদন্ত শুরু
ভারতের কেরালা রাজ্যের কঝিকোড় শহরের নাদাকাভু এলাকার একটি অ্যাপার্টমেন্টে কথিত এক বাংলাদেশি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীকে দেহ ব্যবসার জন্য কঝিকোড় শহরে আনা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। খবর দ্য হিন্দুর।
গত শুক্রবার মেয়েটি নাদাকাভু থানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে দাবি করেন, অ্যাপার্টমেন্টে কয়েকজন ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন। সেখান থেকে তিনি পালিয়ে এসেছেন।
পুলিশ জানায়, মেয়েটি একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তির সঙ্গে থাকতেন। ওই ব্যক্তি তাঁর স্বামী বলে মেয়েটি দাবি করে বলেন, তাঁরা ভারতে ভ্রমণে আসার পর ট্রেনে কয়েক ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। ওই ব্যক্তিদের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তাঁরা ওই শহরে এসেছিলেন।
গত বৃহস্পতিবার অ্যাপার্টমেন্টের কয়েকজন বাসিন্দা মেয়েটিকে সাহায্যের খোঁজে দৌড়াতে দেখেন। এ সময় মেয়েটি দাবি করেন, তাঁর রুমমেটের অনুপস্থিতিতে অ্যাপার্টমেন্টে একদল পুরুষের দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। মেয়েটির দাবি অনুযায়ী, ট্রেন ভ্রমণের সময় পরিচয় হওয়া কয়েকজন হামলাকারীদের মধ্যে ছিলেন।