কেরি ৫ জানুয়ারি নির্বাচনের স্বীকৃতি দিয়ে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে যুক্তরাষ্ট্র এত দিন স্বীকৃতি দেয়নি। আড়াই বছর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসে শুধু স্বীকৃতিই দেননি, অবনত মস্তকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
ওবায়দুল কাদের গতকাল শুক্রবার সকালে মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাগুরা জেলা আওয়ামী লীগ স্থানীয় নোমানী ময়দানে ওই সমাবেশের আয়োজন করে।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন নিজেরাই নিজেদের শত্রু। তারা এখন পথহারা-দিশেহারা। তারা আন্দোলনের কথা বলে, কিন্তু কবে হবে, তা তাদের জানা নেই। তাই বিএনপি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের ভয় বিএনপিকে যারা মদদ দেয়, সেই ধর্মীয় উগ্রবাদ সম্প্রদায়কে। এদের প্রতিহত করতে হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘জঙ্গিবাদের ভয়াল ছোবলের মতো মাদক আমাদের ক্ষতি করছে। তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই দলমত-নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, স্থানীয় সাংসদ এ টি এম আবদুল ওয়াহ্হাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।