কেরির সফরে গুরুত্ব পাবে নিরাপত্তা সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদী হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের সময় বিষয়টি গুরুত্ব পাবে।
আগামী ২৯ আগস্ট জন কেরির এক দিনের সফর নিয়ে কূটনৈতিক সূত্রগুলো এমন আভাস দিয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বুধবার বলেছেন, এই সফরে দুই দেশের সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে রাজধানীর বিআইআইএসএস-বিস মিলনায়তনে এক সেমিনার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
মাহমুদ আলী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৯ আগস্ট বাংলাদেশে আসছেন। আমরা আনন্দিত, উনি এ সফরে আসছেন। এই সফর নিয়ে অনেক দিন ধরেই কথা চলছিল, বিভিন্ন কারণে তিনি আসতে পারেননি। এই সফরে সবকিছু নিয়ে আলোচনা হবে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রস্তুতিপর্ব চলছে।’
বাংলাদেশ কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেবে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্কের সবদিক নিয়ে আলোচনা হবে।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জন কেরির সফরের প্রস্তুতি নিয়ে গতকাল দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেছেন। বিস মিলনায়তনে এক সেমিনারের ফাঁকে তাঁরা দুজন এ সফর নিয়ে কথা বলেন।
জন কেরির সফরের সঙ্গে যুক্ত একটি অগ্রবর্তী দল গত রোববার রাতে ঢাকায় এসেছে। ঢাকা সফরের সময় সম্ভাব্য যে জায়গাগুলোতে জন কেরির যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধিদলটি গতকাল সেই জায়গাগুলোতে গেছে।
খসড়া সফরসূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ২৯ আগস্ট সকালে জেনেভা থেকে ঢাকায় আসবেন জন কেরি। ওই দিনই তাঁর ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন জন কেরি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির এটি প্রথম ঢাকা সফর হলেও গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এটি দ্বিতীয় ঢাকা সফর। ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। হিলারি বাংলাদেশ সফর শেষে ভারত গিয়েছিলেন।