কেরু কোম্পানিতে আখমাড়াই শুরু
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকলে আখমাড়াই শুরু হয়েছে। এবার ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন ২০১৬-১৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, দেশে রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। এটি ছাড়া ১৪টি চিনিকলই প্রতিবছর লোকসান গুনছে। এ লোকসান কমাতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
উদ্বোধনের আগে কেরুর কারখানা চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল হয়। এতে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার পরিচালক (উৎপাদন, প্রকৌশল ও ইক্ষু গবেষণা) মো. হাবিবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
সর্বোচ্চ ১৪ দশমিক ৭৯ একর জমিতে আখ চাষ করায় সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের আবুল বাশারকে এবং প্রতি একরে সর্বাধিক ৪২ মেট্রিক টন আখ উৎপাদন করায় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আজিজুল হককে পুরস্কৃত করা হয়।