কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন কাল
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ কাল শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে হাফিজুল ইসলামের গত বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং অনুসারীদের সঙ্গে নিয়ে সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি তৈয়ব আলীর পক্ষে কাজ করার ঘোষণা নির্বাচনে নতুন মোড় নিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকের পদে একটি করে এবং বিভাগভিত্তিক সদস্যের আটটি পদে ভোট গ্রহণ করা হবে। সদস্য পদে প্রশাসন ও হিসাব বিভাগ থেকে একমাত্র সদস্য প্রার্থী আইয়ুব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই বিভাগে কোনো ভোট হবে না।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।