কেরুর এমডিকে মারধর, সিবিএ নেতা চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্তচুয়াডাঙ্গা  চিনিকল চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আজিজুল হককে (৫৫) চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া কেরুর আরও দুজন কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম সুদর্শন মল্লিকসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

কেরুর মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাইয়ুমের স্বাক্ষর করা এ-সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার কোম্পানির নোটিশ বোর্ডে টাঙানো হয়। জানা যায়, গত মার্চে কেরুর শ্রীমঙ্গল পণ্যাগারের ইনচার্জ মোয়াজ্জেম হোসেনকে পার্বতীপুর বদলি এবং সহকারী তাহাজ উদ্দিনকে ইনচার্জ হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সিবিএ সভাপতি আজিজুল হক ও তাঁর ছেলে কেরুর ডিস্ট্রিলারি শাখার ফরেন লিকার শাখার ইনচার্জ ফিরোজ আহমেদ ৩০ মার্চ আমার কক্ষে প্রবেশ করে মোয়াজ্জেমের বদলির আদেশ বাতিলের দাবি জানান। কিন্তু দাবি না মানায় সেদিন আজিজুল হক একদল শ্রমিক নিয়ে কার্যালয়ে ঢুকে আমাকে মারধর করেন। এ সময় তাঁদের ঠেকাতে এলে আমার দেহরক্ষী এবং আরও দুই কর্মকর্তাকে মারধর করা হয়।’

জানা যায়, এই ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়। পরে এজাহারভুক্ত ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার পাশাপাশি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১২ জুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজিজুল হককে চাকরিচ্যুত এবং ছুটি না নিয়ে দর্শনায় অবস্থান করায় ঢাকা পণ্যাগারের ইনচার্জ সৌমিক হাসানের পাঁচ দিনের বেতন কর্তনসহ এক বছরের নজরদারিতে রাখা ও বিদ্যুৎ বিভাগের কনিষ্ঠ টেকনিশিয়ান ফরজ আলীর বেতন স্কেল এক ধাপ নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।