কেরুর গুদামে পড়ে আছে ৩৬ কোটি টাকার চিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের গুদামে সাত হাজার ১৫০ মেট্রিক টন চিনি পড়ে আছে। মিলগেটের দর অনুযায়ী প্রতি মেট্রিক টন ৫০ হাজার টাকা হিসাবে এর বর্তমান দাম ৩৬ কোটি ২৫ লাখ টাকা।একাধিক ডিলার এবং কোম্পানির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, পরিশোধন কারখানার (রিফাইনারি মিলে) চিনির তুলনায় কেরুর চিনির দাম বেশি হওয়ায় গত দুই বছরেরও বেশি সময় ধরে ডিলাররা চিনি তুলছেন না। যে কারণে দীর্ঘদিন ধরে কোম্পানির ডিস্টিলারি (মদ কারখানা) শাখা থেকে কর্মকর্তা, কর্মচারী, স্থায়ী ও মৌসুমি শ্রমিকের বেতন-ভাতা এবং আখচাষিদের পাওনা পরিশোধ করা হচ্ছে।কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১২-১৩ আখ মাড়াই মৌসুমে পাঁচ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। বিক্রি না হওয়ায় এগুলো গুদামে পড়ে আছে। কর্মকর্তারা জানান, গত ১৮ ফেব্রুয়ারি মাড়াই মৌসুম শেষ হওয়ার সময়ও গুদামে আগের মৌসুমের (২০১১-১২) আরও পাঁচ হাজার মেট্রিক টন চিনি মজুত ছিল। ২৫ জুলাই পর্যন্ত পুলিশ এবং কেরুর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা রেশন বাবদ ৭০০ মেট্রিক টন চিনি তুলেছে। তা ছাড়া রপ্তানির জন্য দেশবন্ধু চিনিকল কর্তৃপক্ষ চার হাজার ৩০০ মেট্রিক টন চিনি কেনার চুক্তি করলেও এ পর্যন্ত দুই হাজার ১৫০ মেট্রিক টন চিনি তুলেছে। সব মিলিয়ে বর্তমানে গুদামে সাত হাজার ১৫০ মেট্রিক টন চিনি পড়ে আছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) তালিকাভুক্ত চিনির ডিলার দর্শনার আবদুল খালেক জানান, চুয়াডাঙ্গায় চিনির ১০ জন ডিলার এবং কেরুর তালিকাভুক্ত ৭৫ জন খুচরা বিক্রেতা (এসব বিক্রেতা সরাসরি কারখানা থেকে চিনি কিনতে পারেন) আছেন। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পরিশোধন কারখানার চিনি দেখতে ধবধবে সাদা। দামও কেজিতে আট থেকে সাড়ে আট টাকা কম। অথচ কেরুর চিনি লালচে এবং দামও বেশি। খুচরা ক্রেতাদের আগ্রহ না থাকায় গত তিন বছর ডিলাররা চিনি তুলছেন না।কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ভ্রান্তনীতির কারণে বাজার দরের এই পার্থক্য। ৭৫ বছরের পুরোনো যন্ত্র দিয়ে কেরুতে চিনি উৎপাদন হলেও বিভিন্ন পরিশোধন কারখানায় অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে কারখানার আধুনিকায়ন এবং চিনি উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। কারণ, এই কারখানার ওপর প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ এলাকার আখচাষিদের ভাগ্য নির্ভর করছে।কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন মল্লিক জানান, গুনেমানে কেরুর চিনি অনেক ভালো। কিন্তু শুধু দামের কারণে বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না। পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো রাসায়নিক প্রক্রিয়ায় চিনি ধবধবে সাদা করছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কেরুর চিনি উৎপাদনপদ্ধতি আধুনিকায়ন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।