কেরোসিন ঢেলে কিশোরীর গায়ে আগুন, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবক এক কিশোরীকে অগ্নিদগ্ধ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ কিশোরী পারভীন আক্তার (১৬) ঘাটিয়ারা গ্রামের হোসেন মিয়ার মেয়ে।
আহত পারভীনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঘাটিয়ারা গ্রামের হোসেন মিয়ার বাড়ির বেশ কয়েকটি হাঁস প্রতিবেশী রমজান মিয়ার সদ্য রোপণ করা ধানখেত নষ্ট করে ফেলে। এ ঘটনায় উত্তেজিত হয়ে মঙ্গলবার রাত আটটার দিকে রমজান মিয়ার ছেলে রুবেল মিয়া হোসেন মিয়ার বাড়িতে এসে তাঁর মেয়ে পারভীন আক্তারের গায়ে কেরোসিন ছিটিয়ে আগুনে জ্বলসে দেন। এতে পারভীনের শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে যায়। স্বজনেরা পারভীনকে উদ্ধার করে।