কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহননের চেষ্টা
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাঁর স্বামী এসে আগুন নেভান। এ সময় স্বামীও কিছুটা দগ্ধ হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান।
দগ্ধ গৃহবধূ শাহনাজ আফরিনকে (২০) পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর স্বামী উজ্জ্বল হোসেন জানান, তিনি একটি প্রতিষ্ঠানের কনডেন্সড মিল্কের সরবরাহকারী হিসেবে কাজ করছেন। গত বুধবার থেকে জ্বরে ভুগছিলেন শাহনাজ। রাতে ওষুধ খাওয়ানোর পর জ্বর কিছুটা কমে আসে। পরদিন গতকাল সকাল আটটায় শাহনাজের সঙ্গে তাঁর বাগিবতণ্ডার একপর্যায়ে কাজে বেরিয়ে পড়েন উজ্জ্বল। কিছুক্ষণ পর শাহনাজ রাগ করে গ্রামের বাড়ি চলে যেতে বের হন। এ সময় পথে উজ্জ্বলের সঙ্গে তাঁর দেখা হলে জোর করে বাসায় নিয়ে যান। উজ্জ্বল তাঁকে মারধর করে আবার কাজে বের হন। এর কিছুক্ষণ পরই শাহনাজ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে উজ্জ্বল বাসায় এসে স্ত্রীর গায়ের আগুন নেভান। এ সময় উজ্জ্বলও কিছুটা দগ্ধ হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, শাহনাজের শরীরের বেশির ভাগ অংশই দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে উজ্জ্বল আশঙ্কামুক্ত।
উত্ত্যক্ত করায় দণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বকুল হোসেন নামের এক কলেজছাত্রকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান এই দণ্ড দেন।
বকুল উপজেলার বড় বোয়ালী গ্রামের আবদুস সালামের ছেলে এবং স্থানীয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।