কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় কেরোসিন ঢেলে শরীরে আগুন দেওয়ার অভিযোগে গৃহবধূ জোবাইদা আক্তারের স্বামী আবদুল হালিমকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। তাঁকে আগের ক্লিনিক থেকে সরিয়ে অন্য একটি ক্লিনিকের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।বেসরকারি ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিন প্রথম আলোকে জানান, জোবাইদাকে আইসিইউতে রাখা হয়েছে। ৭২ থেকে ৯৬ ঘণ্টা (তিন-চার দিন) পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, জোবাইদাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গত রোববার রাতে থানায় নারী নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। স্বামী হালিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর হাত আগুনে সামান্য পুড়ে গেছে। তাই চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার সকালে বায়েজিদ বোস্তামী এলাকার বার্মা কলোনিতে জোবাইদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জোবাইদার বড় বোন অভিযোগ করেন, যৌতুকের দাবিতে স্বামী তাঁর গায়ে আগুন দিয়েছেন। তবে জোবাইদার শ্বশুরপক্ষ দাবি করছে, তিনি নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেন। তাঁর পাঁচ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।