কেরোসিন ঢেলে নারীকে পুড়িয়ে মারার চেষ্টা
শরীরে কেরোসিন ঢেলে রাজধানীতে আজমেরি (২৫) নামে এক নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁর সাবেক স্বামী রুবেল (৩৫) এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। সারা শরীরে কেরোসিন মাখা, হাত বাঁধা অবস্থায় গত সোমবার রাতে গণভবনের সামনে থেকে আজমেরিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আজমেরি জানান, তাঁর সাবেক স্বামী রুবেল গত সোমবার বিকেলে তাঁকে মাইক্রোবাসে তুলে মুখে কাপড় গুঁজে, হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে শুধু আগুন ধরানোর জায়গা খুঁজছিলেন। রাত নয়টার দিকে গাড়িটি গণভবনের সামনে যানজটে আটকা পড়ে। তখন কেউ গাড়ির দরজা খুললে তিনি গাড়ি থেকে লাফিয়ে পড়েন।আজমেরিকে উদ্ধারকারী শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। সারা শরীর কেরোসিনে ভেজা ছিল। তাঁকে গণভবনের সামনে থেকে উদ্ধার করা হয়।আজমেরি জানান, প্রায় ছয় বছর সৌদি আরবে কাজ করে দুই বছর আগে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে জমানো টাকা দিয়ে কামরাঙ্গীরচরে একটি জমি কেনার চেষ্টা করেন। সে সময় জমির মধ্যস্থতাকারী রুবেলের সঙ্গে তাঁর পরিচয় থেকে প্রণয় হয়। একপর্যায়ে দেড় বছর আগে রুবেলকে বিয়ে করেন তিনি। বিয়ের পর জমি কেনার জন্য রুবেলকে ছয় লাখ টাকা দেন তিনি। কিন্তু তিন মাস যেতে না যেতেই ওই বাড়িতে রুবেলের আগের আরও চার স্ত্রী এসে হাজির হন। আত্মীয়রা জানান, রুবেলের আরও স্ত্রী আছে। আজমেরি আরও বলেন, এরপর রুবেল জোর করে তাঁকে তালাক দেন। চিকিৎসকেরা জানান, তাঁকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। তাঁর পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হয়েছে। এখন তাঁর শরীর খুবই দুর্বল।পুলিশ গতকাল রাত পর্যন্ত রুবেলকে গ্রেপ্তার করতে পারেনি। আজমেরির গ্রামের বাড়ি শরীয়তপুরে।